আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রীসভা ও দল থেকে অপসারণের মাধ্যমে আমরা আবারও প্রমাণ করেছি আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ কিন্তু ধর্মহীন দল নয়।
সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বঙ্গবন্ধু একাডেমী’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, লতিফ সিদ্দিকীর পদত্যাগ করা উচিত ছিল। তার পদত্যাগ না করাটা দুর্ভাগ্যজনক। অপসারণ করা সহজ ব্যপার ছিল না, কিন্তু উনি তো পদ আঁকড়ে ছিলেন। প্রধানমন্ত্রী অত্যন্ত শালীনতা ও ধৈর্য্যরে সঙ্গে বিষয়টির মীমাংসা করেছেন। আমাদের সংসদীয় রাজনীতিতে এটা প্রথম।
লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ থাকবে কিনা এর সাংবিধানিক ব্যাখ্যা কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমার দৃষ্টিতে তার সংসদ সদস্যপদ যাওয়ার মত কিছু হয় নাই। তবে পণ্ডিত ব্যক্তিরা বা হাইকোর্ট-সুপ্রীম কোর্ট এর ব্যাখ্যা দিতে পারে। এই কারণে স্পীকার বা নির্বাচন কমিশন লতিফ সিদ্দিকির নির্বাচনী এলাকা শূন্য হয়েছে বলে ঘোষণা করা মুশকিল হবে।
তিনি বলেন, সাধারণত যে দল থেকে মনোনীত হন। নির্বাচন করেন। সেই দলের বিরুদ্ধে অবস্থান নিলে অস্তিত্ব থাকে না। আসল কথা হলো, বলে হাওয়া না থাকলে যেমন খেলা যায় না। একজন রাজনৈতিকের মূল পরিচয় জনসমর্থন। তিনি যেসব কথা বলেছেন তাতে তার জনসমর্থন নেই।
কৃষকলীগের অর্থ সম্পাদক নাজির মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সামছুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।
এমআর,এএইচ





