আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিদেশী কূটনৈতিকদের উদ্বেগ নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নেই।
শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে- এ বিষয়ে আপনাদের মন্তব্য কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘এটা শুধু উদ্বেগ, এ নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নেই।’
গতকাল আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ইউইউ’র রাষ্ট্রদূতসহ কয়েকটি দেশের কূটনৈতিকদের বৈঠকের ব্যপারে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে একটি বৈঠক ছিল। সেখানে আমাদের আরও কয়েকজন গিয়েছিল। এটা কোন রাজনৈকি বৈঠক নয়।’
আজকের একটি দৈনিক পত্রিকায় দেখলাম পেট্রোলবোমা হামলাকারী এক আসামী জেল হাজতে রয়েছে। তার মুক্তির জন্য আওয়ামী লীগের সিনিয়র নেতারা তদবির করছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা প্রমাণ পেলে তাকে সাথে সাথে বহিস্কার করা হবে।’
নাসিম বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নারী, পুরুষ ও শিশু হত্যার মাধ্যমে রক্তের হলি খেলায় মেতে উঠেছে। তিনি এখন জঙ্গি নেত্রীতে পরিণত হয়েছে। তার হাত রক্তে রঞ্জিত।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের নাশতকা রোধে আইনশৃঙ্খলাবাহিনী যা করার করবে। আমরা ১৪ দল রাজনৈতিকভাবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমাদের হাতে এদের পরাজয় হবেই।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, জাসদের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদলসহ ১৪ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এমআর/ এআর





