সারাদেশে ৫ জানুয়ারিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করছে আওয়ামী লীগ। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছিল ক্ষমতাসীন দলটি।
সোমবার সকাল ৭টা থেকে মাঠে থাকার ঘোষণা দিলেও এ রিপোর্ট লেখা (৯ টা) পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোন নেতাকর্মীর দেখা মেলেনি।
২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত দলের কার্যালয়ের সামনের রাস্তার দু'পাশে কাঁটাতারের ব্যারিকেট দিয়ে রেখেছে পুলিশ। কার্যালয়ে ঢোকার রাস্তায় সংবাদকর্মীসহ সাধারণ জনগণের ব্যাগে তল্লাশি চালানো হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে ডিউটিরত পুলিশ এক সদস্য জানান, 'ভাই এটা আমাদের দ্বায়িত্ব, যদি কোন ধরনের দূর্ঘটনা ঘটে যায়। তাহলে তো বোঝেন, আমাদের অবস্থা কি হবে?'
এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের মূল গেটের তালা খোলা হয়েছে সকাল পৌনে ৮টায়। এরপর সকাল সাড়ে ৮টায় কার্যালয়ে ভিতরে প্রবেশ করে দেখা গেছে, এ ভবনে অবস্থিত ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি সংগঠনের অফিসে তালা ঝুলানো।
বর্তমানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছু সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংবাদকর্মী ছাড়া কাউকে দেখা যাচ্ছে না।
এমআর/ এআর





