বিরোধী দল করার অপরাধে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বারবার জেলে যেতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

বুধবার সকালে গণমাধ্যমের কাছে এই অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের দুর্ভাগ্য যে আমরা সঠিক বিচার পাচ্ছি না। আমরা কার কাছে বিচার চাইব। বলার কোন ভাষা নেই। তার মতো সহজ সরল একজন অসুস্থ মানুষকে এভাবে হয়রানি করছে। সঠিক বিচার হলে তো তাকে এতবার জেলে যেতে হতো না।

তিনি আরো বলেন, বিচার বিভাগের এরকম আচরণ পরিবারের পক্ষ থেকে আমরা আশা করিনি। মির্জা ফখরুল ইসলামের শারীরিক ও মানবিক দিক বিবেচনা করে তাকে যেন মুক্তি দেয়া হয়। মির্জা ফখরুল রাজনীতি করেন এ অপরাধে যেন তাকে হয়রানি না করা হয় সরকারের কাছে এ আহ্বান জানান তার স্ত্রী।

দেশবাসীর কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য দোয়াও চেয়েছেন তিনি। 

এমএইচ