নোয়াখালী পৌরসভার ময়লা আবর্জনার সঠিক ব্যবস্থাপনা ও গণসচেতনতা বৃদ্ধি করে স্বাস্থ্যময় জীবন গড়ার লক্ষ্যে রবিবার বিকাল ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে’র নোয়াখালী জেলার রাজনৈতিক ফেলো মোঃ মজিবুল হক (রনি)’র উদ্যোগে মাইজদী শহরস্থ ধানসিঁড়ি ফুড জোনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম আঞ্চলিক সমন্বয়কারী মো: সদরুল আমিন, নোয়াখালীর পৌরসভার ক্লিনিং ইস্পেক্টর মো: জলিল জাতীয়। এসময় স্থানীয় সংবাদমাধ্যমের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী, রাজনৈতিক কর্মী, পেশাজীবী প্রতিনিধি, ভূক্তভোগী নাগরিক এবং উন্নয়নকর্মীগণ মুক্ত আলোচনায় অংশগ্রহন করে।
আলোচনা সভায় নোয়াখালী পৌরসভার অধিবাসীর প্রধান সমস্যাগুলোর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা, নাগরিক সচেতনতার অভাবসহ বিভিন্ন সমস্যা উঠে আসে।
এভাবে জনসচেতনতার অভাবে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার ফলে জনজীবন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। এতে বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে।
তাই বক্তারা জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পৌর কর্তৃপক্ষের নিকট শহরের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সংখ্যক ডাস্টবিন নির্মাণ ও ডাস্টবিন হতে নিয়মিত ময়লা অপসারণ, হাসপাতাল ও গৃহ বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা, স্থানীয় সংবাদ ও প্রচার মাধ্যমে জন সচেতনতা বৃদ্ধি, সচেতন নাগরিকদের কার্যকর উদ্যোগ গ্রহণ, আইন প্রয়োগে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন।
আলোচনা সভায় প্রস্তাব সুনির্দিষ্টকরণ, ভবিষ্যত কর্মপদ্ধতি নির্ধারণ ও সমস্যা সমাধানে জন সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন কৌশল নিধার্রণ ও আগামী ৬ মাসের মধ্যে সেই সব সমস্যা সমাধানে পরিষ্কার-পরিচ্ছন্নতা সংশ্লিষ্ট পৌরকর্তৃপক্ষসহ উপস্থিত জন প্রতিনিধিবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’এর রাজনৈতিক ফেলো মোঃ মজিবুল হক (রনি) আগামী দিনে সংশ্লিষ্ট পৌরসভার জনসাধারণের জনসচেতনতা বৃদ্ধি ও জনস্বাস্থ্যময় জীবন গড়ার লক্ষ্যে সকল সেবামূলক কর্মকান্ডে সশরীরে উপস্থিত থেকে ছোট বড় সকল সমস্যা সমাধানের জন্য সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা করেন।
এসএইচ





