সংবিধান সংশোধনীর প্রতিবাদে ২০ দলীয়জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নাশকতা ঠেকাতে তৎপর পুলিশ। ঢাকার প্রবেশ ও বহির্গমনের গুরুত্বপূর্ণ পয়েন্ট যাত্রাবাড়ীর চৌরাস্তায় ব্যাপক নিরপত্তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
ভোর থেকেই যাত্রবাড়ীর চৌরাস্তা ও এর আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ। সঙ্গে সঙ্গে এপিসি নিয়ে টহল দিচ্ছে।
যাত্রবাড়ী থানা পুলিশ জানায়, এখন পর্যন্ত এখানে কোনো মিছিল বা গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি। কোনো দুর্ঘটনা ঘটলে তড়িৎ ব্যবস্থা নিতে প্রস্তুত আমরা।
যাত্রাবাড়ী চৌরাস্তা, শহীদ ফারুক সড়ক, সায়দাবাদ ব্রিজ, ধোলাইর পাড় ও কাজলা পেট্টল পাম্প এলাকয় কড়া নজরদারিতে রয়েছে পুলিশ। এছাড়াও রায়ের বাগ, ডেমরাসহ এর আশপাশের এলাকায় সংশ্লিষ্ট থানা পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।
এসব এলাকায় যাত্রীর তুলনায় বাস কমই চলাচল করছে। সাথে হালকা বৃষ্টি থাকায় অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়ছে।
পুলিশের ব্যাপক নিরাপত্তা বেস্টনির মধ্যেও তাদের ফাঁকি দিয়ে মিছিল করেছে ২০দলের অন্যতম শরীক জামায়াতে ইসলামী। ভোরেই এলাকার পৃথক দুটি স্থানে মিছিল করে তারা।
তারা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে অবিলম্বে বিচারপতিদের সুরক্ষা ও স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান। সঙ্গে সঙ্গে তাদের নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তি দাবি করেন।
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে ২০দলীয় জোটের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। সোমবার ভোর ৬টা থেকে এ হরতাল শুরু হয়।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





