অধ্যাপক গোলাম আযমকে শেষবারের মত একনজর দেখতে হাজার হাজার মানুষ ভীড় করেছেন তার মগবাজারের বাসার সামনে।

শুক্রবার সকাল ৮টার দিকে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের লাশ নিজ বাসভবনে নেয়া হয়।

এর পরপরই কাজী লেনের এই বাড়ি অভিমুখে ছুটে আসেন দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ।

জুমার নামাজের পর মানুষের এই স্রোত মহস্রোতে পরিণত হয়। সবাই শেষবারের মত দেখতে চাইছেন তাদের প্রিয় মানুষটির মুখ। মানুষের এই আকাঙ্খা পূরণ করতে গোলাম আযমের লাশবাহী এ্যাম্বুলেন্সটি এখন বাড়ির সামনে রাখা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের গন্তব্য এখন মগবাজার কাজী লেনের এই বাড়ির দিকে।

মানুষের ভীড় সামাল দিতে কাজী অফিস লেনের গলি ও আশপাশের গলিতে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

মরহুমের ছেলে আব্দুল্লাহীল আমান আল আযমী জানান, শনিবার তার বাবার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দাফনের আগ পর্যন্ত মগবাজারের বাসায় লাশবাহী গাড়িতেই রাখা হবে এই ভাষাসৈনিকের লাশ।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। তিনি ৬ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জেআই