জাতীয় পার্টির চেয়্যারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,  ‘সরকারি দল আওয়ামী লীগের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। এত গুম খুন সত্ত্বেও বিএনপি আন্দোলন করতে পারছে না। তাই জনগণ এই দুই দলের বিকল্প খুঁজছে।

শনিবার দুপুরে রাজশাহী জেলা জাতীয় পার্টির (জাপা) সম্মেলনে এসব কথা বলেন তিনি। 


হুসেইন মুহম্মদ এরশাদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দেশে আইন বলতে কিছুই নেই। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে জাতীয় পার্টির বিকল্প আর কিছুই নেই। একমাত্র জাতীয় পার্টিই পারে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে।’


বিএনপির সমালোচনা করে এসময় জাপা চেয়ারম্যান বলেন, ‘বিএনপি’র সাংগঠনিক অবস্থা দুর্বল হয়ে গেছে। আন্দোলন করে সরকার পতন ঘটাতে পারবে এমন অবস্থানে তারা নেই।’

এরশাদ আরও বলেন, ‘দেশে এতো কিছু হচ্ছে কিন্তু কোথাও বিএনপির কোনো মিছিল-মিটিং বা আন্দোলন করতে দেখা যাচ্ছে না। আসলে দলটি দুর্বল হয়ে পড়েছে।’
জাপা নেতাকর্মীদের পরামর্শ দিয়ে এরশাদ বলেন, ‘নিজেদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে ফেলুন। জনগণের কাছে যান। জনগণ আবার ভোট দিয়ে জাতীয় পার্টিকে বিজয়ী করবে।’

সরকারি দল সম্পর্কে  প্রধানমন্ত্র বিশেষ দূত বলেন, ‘সরকারি দলের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। অন্যদিকে বিএনপি তাদের শক্তি হারিয়েছে। এ দুই দলের বিকল্প মানুষ খুঁজছে। আর সেই দল হচ্ছে জাতীয় পার্টি। মানুষ গুম, হত্যা, খুন, হরতাল, ফরমালিন চায় না। মানুষ শান্তি চায়। আর তা পেতে হলে জাতীয় পার্টির বিকল্প কিছু নেই।’

সম্মেলনে উপস্থিত ছিলেন- পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হেলাল উদ্দিন হেলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাইদ স্বপন প্রমুখ। এতে ৫৯০ জন কাউন্সিলর ও ৫ হাজার ডেলিগেট  অংশ নেন।

প্রথম ধাপে ১২টি জেলায় জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে রাজশাহী জেলার সম্মেলনই প্রথম। এর আগে গেলবারও রাজশাহী থেকে দলটির জেলা সম্মেলন শুরু হয়।

ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই