বিএনপি জোটের লাগাতার অবরোধ এবং হরতালকে কেন্দ্র করে দেশব্যাপী চলছে ব্যাপক ধরপাকড়। সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
রাজধানীতে পুলিশের অভিযানে আটক ২১
২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় বিএনপি, জামায়াত ও শিবিরের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
সাতক্ষীরায় গ্রেফতার ৩৭
সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতসহ মোট ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
হবিগঞ্জে গ্রেফতার ৩২
হবিগঞ্জে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনগত রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২৪ ও নিয়মিত মামলার আট আসামি রয়েছে।
সুনামগঞ্জে গ্রেফতার ১৮
সুনামগঞ্জে বিএনপির পাঁচ কর্মীসহ বিভিন্ন মামলায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার অভিযোগে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নাশকতা রোধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুরে শিবিরের সেক্রেটারিসহ গ্রেফতার ৩
চাঁদপুর সদর দক্ষিণ শিবিরের সেক্রেটারিসহ তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নতুনবাজার পুরানবার সেতুর ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আবদুল কাইয়ুম, সেক্রেটারি আবদুল হাই এবং শিবিরকর্মী সফিকুর রহমান। তাদের প্রত্যেকের বাড়ি ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদপুর সদরের ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. মাহাবুব মোল্লা তাদের গ্রেফতার করেন। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা রয়েছে।
নড়াইলে বিশেষ অভিযান, আটক ১৯
নড়াইলে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবাব রাত থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিদের মধ্যে নড়াইল সদর থানায় আটজন, লোহাগড়ায় চারজন, কালিয়ায় চারজন ও নড়াগাতি থানায় তিনজনকে আটক করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আটকের বিষয় নিশ্চিত করেছেন।
ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মী আটক
ঝিনাইদহে ১২ বিএনপি ও জামায়াত শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। চলমান অবরোধ ও হরতালে নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়। মঙ্গলবার ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ঝিনাইদহ শহর থেকে ৫ জন, হরিণাকুণ্ডু থেকে ৪ জন, কালীগঞ্জ থেকে ২ জন ও মহেশপুর থেকে ১ জনকে আটক করা হয়।
পুলিশ সুপার মো. আলতাফ হোসেন জানান, আটককৃতরা সবাই জামায়াত-বিএনপি নেতাকর্মী। তারা নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল বলে আটক করা হয়েছে।
হাটহাজারীতে ৭ শিবির কর্মী আটক
হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পেট্রল বোমা, ককটেল ও বিষ্ফোরক দ্রব্যসহ সাত শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ অভিযান চালানো হয়।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক শরীফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাত শিবির কর্মীকে আটক করা হয়েছে। হাটহাজারীসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির পরিকল্পনা ছিল তাদের।
এসময় তাদের কাছ থেকে ২০টি পেট্রল বোমা, ২টি ককটেলসহ বোমা তৈরির বিষ্ফোরক উদ্ধার করা হয়। তিনি বলেন, মঙ্গলবার বিকাল তিনটায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
কুলাউড়ায় জামায়াত নেতা গ্রেফতার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি দিলদার উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ অ্যাসল্ট মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
কেএইচ





