বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হুংকার দেয়া বন্ধ করুন। জনগণের জানমাল রক্ষার্থে যা করা দরকার সরকার তা-ই করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকা খেলোয়াড়। কখন গোল করতে হয় তা তিনি জানেন।

রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগ আয়োজিত শোক দিবসে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

নাসিম বলেন, মাঠ গরম করলে আওয়ামী লীগ ডাবল গরম হবে। নিয়মতান্ত্রিক আন্দোলন করলে আওয়ামী লীগ সহযোগিতা করবে।

তিনি বলেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ নেননি। এটা তার ভুল। তিনি সব হারিয়েছেন। তার এই ভুলের খেসারত অন্য কেউ দেবে না। তাকেই খেসারত দিতে হবে।

মন্ত্রী বলেন, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না । তেমনি কোনো রাজনৈতিক দলও নির্বাচন ছাড়া টিকতে পারে না। বিএনপির আন্দোলন করার সাংগঠনিক শক্তি নেই।

বিএনপিকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা আমাদের কৌশলের কাছে হেরে গেছেন। আপনারা দল গোছান। আমাদের দল গোছানো আছে। ২০১৯ সালের নির্বাচনে খেলা হবে।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ ও ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসেন বিন হেলালি প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ