২০১৯ সালের নির্বাচনেও ১৪ দল সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
২০ দলের মধ্যবর্তী নির্বাচনের দাবিকে নাকচ করে দিয়ে নাসিম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, যতই হুমকি-ধামকি দেন না কেন, ২০১৯ সালের নির্ধারিত সময়ের একদিন আগেও কোন নির্বাচন নয়। আর সে নির্বাচন হবে সংবিধান মেনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনে। সেই নির্বাচনেও জনগণের রায় নিয়ে আবারো আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল সরকার গঠন করবে।
মন্ত্রী বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে চলমান গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেছে। তা না হলে তারা গণতন্ত্রের পথ থেকে হারিয়ে যেতো।
তিনি আরও বলেন, নির্বাচন ছাড়া একটি রাজনৈতিক দল বেঁচে থাকতে পারে না। গণতান্ত্রিক রাজনীতিতে একটি রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেয়া গণতন্ত্রকে শুধু সুসংহতই করে না, দলীয় নেতা-কর্মীদেরও চাঙ্গা করে।
নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি দল বা ব্যক্তির জন্য সমান সুযোগ থাকবে।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে আন্দোলনের ব্যর্থ নেত্রী উল্লেখ করে নাসিম বলেন, গোপন স্থান থেকে হরতাল-অবরোধের গায়েবী ডাকে দেশের সাধারণ মানুষ কোন সাড়া দিচ্ছে না। উন্নয়ন প্রত্যাশী, গণতন্ত্র প্রিয় মানুষ ভয়কে জয় করে এখন রাস্তায় নেমেছেন। কর্মসূচি ঘোষণা করে যারা পালিয়ে বেড়ান, আন্ডারগ্রাউন্ড দলের মত গোপন স্থানে লুকিয়ে থেকে বিবৃতি পাঠান, তাদেরকে মানুষ বিশ্বাস করেন না।
জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, আব্দুল মজিদ মন্ডল এমপি, সেরিনা বেগম স্বপ্না এমপি প্রমুখ।
এমআর, এমএ/জেআই





