বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারী দল ছাড়া আজ দেশে কেউ ভালো নেই। সত্য কথা বললে জেলে যেতে হয়। অন্যথায় মামলা দিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। তাই আমি যুদ্ধ করতে বলছি না। গণতান্ত্রিক সরকার পদ্ধতি ফিরে পেতে ন্যায় সঙ্গত আন্দোলন গড়ে তুলবো।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনাতনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, তারা নিজেদের জনগণের সরকার দাবি করে। অথচ তারা দুর্নীতি ছাড়া মানুষের উন্নয়নে কিছুই করছে না, যেখানেই টাকা সেখানেই তারা। এভাবে একটি অনির্বাচিত সরকার দিয়ে দেশ চলতে পারে না। প্রয়োজন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সব কিছু ভুলে অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন ও ভোটের অধিকার রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

দেশে এখন দু:সময় চলছে উল্লেখ্য করে খালেদা জিয়া বলেন, জোর করে ক্ষমতায় থাকা দলের অত্যাচারে দেশের মানুষ আজ অতিষ্ঠ। দেশে জান মালের কোনো নিরপত্তা নেই। দিন দিন দারিদ্রতা ও বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। নির্বাচিত সরকার না থাকায় দেশি বিদেশী বিনিয়োগ বন্ধ হয়ে গেছে।

তিনি অভিযোগ করে বলেন, সরকারী দল ছাড়া আজ দেশে কেউ ভালো নেই। সত্য কথা বললে জেলে যেতে হয়। অন্যথায় মামলা দিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। তাই আমি যুদ্ধ করতে বলছি না। গণতান্ত্রিক সরকার পদ্ধতি ফিরে পেতে ন্যায় সঙ্গত আন্দোলন গড়ে তুলবো।

খালেদা জিয়া বর্তমান সরকারের আমলে ঢাকার যানজট ও রাস্তাঘাটের নোংরা পরিবেশের জন্য ক্ষমতাসীন সরকারের সমালোচনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর