আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রতিটি বাস-ট্রেন-লঞ্চ স্টেশনে মেডিকেল টিম ও এ্যাম্বুলেন্স রাখার কথা ভাবছে দলটি।
এছাড়া সম্মেলনের স্থানকে কয়েকটি জোনে ভাগ করে সেখানেও থাকবে মেডিকেল টিম। সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে এসব মেডিকেল টিমে।
বুধবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে স্বাস্থ্য উপ-পরিষদের প্রস্তুতি সভার শেষে সাংবাদিকদের এসব কথা জানান কমিটির আহবায়ক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
ডা. মহিউদ্দিন বলেন, আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা আসবেন। অনেক বয়স্ক ব্যাক্তি হয়তো শেষবারের মতো সম্মেলন দেখতে আসবেন। প্রচ- গরমে অনেকেই অসুস্থ্য হয়ে যেতে পারেন। কেউ যাতে বড় ধরণের অসুস্থ্যতার স্বীকার না হন, সেদিকে আমরা খেয়াল রাখবো। অসুস্থ্য হওয়ার সঙ্গে সঙ্গেই প্রাথমকি চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হবে। আর কেউ গুরুতর অসুস্থ্য হলে তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য এ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখারও চিন্তা-ভাবনা করছি আমরা। সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও কমিটির সদস্য সচিব ডা. বদিউজ্জমান ভুঁইয়া ডাবলু বলেন, সম্মেলনে দায়িত্বরত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য বিষয়ক কমিটির সদস্যরা কাজ করবেন। কেউ যাতে কোনো ধরণের স্বাস্থ্যগত সমস্যায় না পড়েন সেদিকটি আমরা খেয়াল রাখবো।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপ-পরিষদের সদস্য ডা. আ ফ ম রুহুল হক, ডা. ইকবাল আর্সলান, ডা. জুলফিকার লেনিন, ডা. মাহমুদ হাসান, ডা. এম এ আজিজ, ডা.কামরুল হাসান খান, ডা. হাবিবে মিল্লাত, ডা. কনক কান্তি বড়ুয়া প্রমুখ।
ইআর





