আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদের নির্বাচনকে ‘অর্থ ও সময়ের নিরর্থক অপচয়’ হিসাবে আখ্যায়িত করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সাথে সাথে কথিত এই নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদে সরকারি দলের একচ্ছত্র নিয়ন্ত্রণ আরো পাকাপোক্ত হবে বলেও মন্তব্য করা হয়েছে।
আজ সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক কমিটির সভায় এসকল মন্তব্য প্রস্তাব আকারে গৃহীত হয়।
সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে পার্টির সেগুনবাগিচার কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
গৃহীত প্রস্তাবে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে দেশের ৬১টি জেলার মধ্যে কোন একটিতেও বিরোধীদলের কারও নির্বাচিত হওয়ার কোন সম্ভাবনা নেই। জেলা পরিষদের মত গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার কাঠামোয় জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচনের বিধান চালু করার আহ্বানও জানানো হয়।
গৃহীত অন্য এক প্রস্তাবে আগামী ২২ ডিসেম্বর নারায়নগঞ্জে সিটি কর্পোরেশনের অবাধ, নিরপেক্ষ ও কার্যকরি নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।
তারা বলেন, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে এখুনি কালো টাকা, সন্ত্রাস, মাফিয়া পেশীবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানুষ যাতে অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে হবে।
সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।
নেতৃবৃন্দ সুন্দরবন বাঁচাতে আগামী ২৪ নভেম্বর থেকে ‘চলো চলো ঢাকায় চলো’ এবং ২৬ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় কমিটি আহুত মহাসমাবেশ সফল করার আহ্বান জানান।
এম এ





