বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘আওয়ামী লীগ যতই আচরণবিধি লঙ্ঘন করুক না কেন আমরা নির্বাচনের শেষ পর্যন্ত থাকবো। ধানের শীষের যে জোয়ার উঠেছে এটিকে থামানো যাবে না। শেষ পর্যন্ত জনগণের বিজয় হবে এবং আমাদের নেত্রী মুক্তি পাবেন।’

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পুলিশ ও প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগের সমর্থকরা সুষ্ঠু নির্বাচনের সকল ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে অভিযোগ করে মওদুদ আহমেদ বলেন, ‘জোরপূর্বক কেন্দ্র দখল ছাড়া সরকারের আর কোনো রাস্তা নেই। তাই সন্ত্রাসীরা এখন থেকেই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে। আমার নির্বাচনী এলাকায় সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই, লেভেল প্লেইং ফিল্ড তো দূরের কথা এখন সর্বত্র বিরাজ করছে অ্যান-লেভেল প্লেইং ফিল্ড। সারা দেশে একই অবস্থা।’

তিনি বলেন, ‘সরকারি দলের সবকিছু আছে কিন্তু তাদের মাঠে ময়দানে ভোট নেই। এই বাস্তবতা বুঝে তারা সন্ত্রাস ও নৈরাজ্যকে বেছে নিয়েছে। তাই এ নির্বাচন আদৌ নির্বাচন হবে কি না এটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘শুধুমাত্র আমার এলাকায় নয় সারা দেশেই ধানের শীষের পক্ষে যে জোয়ার উঠেছে সেই কারণেই সরকার এত ভয়-ভীতি এবং সন্ত্রাসের পথ কে বেছে নিয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি শেষ পর্যন্ত জনগণের বিজয় হবেই।’

মওদুদ আরও বলেন, ‘এই ধরনের নির্বাচন আমার জীবনে দেখি নাই। তফসিল ঘোষণার পর গ্রেফতার অভিযান আরও বেড়ে গেছে। তারপরও আমরা দৃঢতার সাথে সাথে বিশ্বাস করি জনগণ এবার ভোট কেন্দ্রে যাবেই। সরকারের পতন অবশ্যই হবে।’

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।