অবৈধ শাসকগোষ্ঠী‘বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করে জনগণের ওপর এখন ফ্যাসিবাদী জুলুম চালাচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এক্ষেত্রে গুম ও বিচারবহির্ভূত হত্যাই হচ্ছে তাদের প্রধান অস্ত্র।’

শুক্রবার (২৫ জুন) জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ফখরুল।
তিনি বলেন, ‘আমি বাংলাদেশসহ বিশ্বের নির্যাতিত ব্যক্তি, গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাই। যুগে যুগে মানুষ বিভিন্ন রাষ্ট্রের স্বৈরশাসক ও নিষ্ঠুর একনায়ক এবং একদলীয় শাসনের দ্বারা নির্যাতিত হয়েছে।

এখনো হচ্ছে। এখনো বিশ্বব্যাপী কোনো না কোনো অঞ্চলে ভাষা, বর্ণ, জাতি ও সম্প্রদায় নিয়ে সংঘাত চলছে। রাজনৈতিক ভিন্ন মতের ওপর অসহিষ্ণু শাসকরা চালাচ্ছে নির্দয় অত্যাচার। জনগণের ভোটের অধিকার কেড়ে নির্বাচনের নামে প্রহসন ও তামাশা চলছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ সরকারের যেহেতু জনগণের নিকট কোনো জবাবদিহিতা নেই, তাই তারা গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় অপশাসনের পাথর জনগণের বুকের ওপর চাপিয়ে দিচ্ছে। গণমাধ্যমকে হুমকি ও ভয় দেখিয়ে এবং নির্যাতন করে কব্জা করার অপচেষ্টা চলছে। গণমাধ্যমের স্বাধীনতা এখন সম্পূর্ণরূপে বিপন্ন।’

এইচএন