জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, বিএনপি এখন সুষ্ঠু নির্বাচনের জন্য ডাক-চিৎকার করছে। বিএনপি কি সুষ্ঠু নির্বাচন দিয়েছে কখনও?
তিনি বলেন, “বিএনপি ও আওয়ামী লীগের মহাসচিব-সাধারণ সম্পাদক প্রায়ই বিভিন্ন ইস্যুতে বাহাস করছেন। কিন্তু তারা সবাই গণতন্ত্রের হাতে হাতকড়া পরিয়ে গণতন্ত্রের স্বাভাবিক স্বাদ নষ্ট করেছে।”
শুক্রবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে পার্টির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জিএম কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ ও বিএনপি গেলো ৩০ বছর ধরে সংবিধানের ৭০ ধারার অপব্যবহার করে নিয়ন্ত্রণহীন ক্ষমতা ভোগ করেছে। সংসদ যেখানে সরকারকে নিয়ন্ত্রণ করবে, সেখানে সরকারই সংসদকে নিয়ন্ত্রণ করছে।”
জিএম কাদের বলেন, “ক্ষমতা নিয়ন্ত্রণের কোনও পথ আর নেই। তাই আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছেন।”
এমবি





