বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে ইসলামী ঐক্যজোটের একাংশ। এনপিপি, ন্যাপ ভাসানীর (একাংশ) পর এবার বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে গেলো জোটের পুরোনো মিত্র ইসলামী ঐক্যজোটের একাংশ।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দ্বি-বার্ষিক জাতীয় কনভেনশনে দলটির একাংশের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী জোট ছাড়ার এ ঘোষণা দেন।
জোটের সঙ্গে সম্পর্কচ্ছেদের কারণ উল্লেখ না করলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি।
নেজামী বলেন, ‘ইসলামী ঐক্যজোট স্বকীয়তা বজায় রেখে নিজেদের সাংগঠনিক তৎপরতায় মনযোগী হবে। কেননা, স্বকীয়তায় অন্ত:প্রেরণায় ইসলামী ঐক্যজোট স্বতন্ত্র। তাই এখন থেকে ইসলামী ঐক্যজোট স্বকীয়তা বজায় রেখে কর্মতৎপরতা চালিয়ে যাবে।’
১৯৯৯ সালের ৩০ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে বিএনপির নেতৃত্বে জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সমন্বয়ে চারদলীয় জোট গঠন করা হয়। পরে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে ২০১২ সালের ১৮ এপ্রিল চারদলীয় জোট সম্প্রসারিত হয়ে ১৮ দলীয় জোট হয়। এরপর ২০ দলীয় জোটে রূপ নেয়।
এর আগে সম্পর্কে টানাপোড়েনে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যান শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), শেখ আনোয়ারুল হকের নেতৃত্বে ন্যাপ-ভাসানীর একাংশ।
এমএইচ,এআই





