বিএনপি রাজনীতি বোঝে না, তারা অন্ধকারে ঢিল ছোড়ে- এমন মন্তব্য করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিএনপির নেতৃত্ব আজ সংকটময়, তারা দিশেহারা।
মঙ্গলবার বিকালে রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে জাতীয় ছাত্রসমাজের নতুন কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন এরশাদ।
তিনি বলেন, 'আগামীতে আমরা বিএনপির জায়গায় যাব। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যাব। দেশবাসী আমাদের সঙ্গে রয়েছে। আগামীতে জাতীয় পার্টিই হবে দেশের প্রধান দল।'
এরশাদ বলেন,'আমি থ্রি জে’র একটি নুতন থিউরি দিয়েছি। তা হচ্ছে: জাতীয় পার্টি, জবস অ্যান্ড জাস্টিস। এটা একটা যুগান্তকারী তত্ত্ব। দেশের কল্যাণে এ তত্ত্ব দেয়া হয়েছে।'
দেশে বেকারত্ব বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, দেশে কর্মসংস্থান নেই। মানুষ খেয়ে-পরে বাঁচতে চায়। কিন্তু দুঃশাসনে মানুষের আজ নাভিশ্বাস। দেশে জাস্টিস নেই। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। জাস্টিস সবার জন্য সমান নয়। তাই থ্রি জে অর্জন করতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে।
শিক্ষাঙ্গনের সন্ত্রাসের জন্য দুই নেত্রীকে দায়ী করেন জাপার চেয়ারম্যান বলেন, ‘সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন আমরা পাইনি। শিক্ষাঙ্গনে এখন শিক্ষা হয় না।আমি স্বৈরাচার। তার পরও ডাকসুর নির্বাচন দিয়েছিলাম। তারা গণতান্ত্রিক। কিন্তু নির্বাচন দেয়ার সাহস নেই।
সভায় ছাত্রসমাজের সভাপতি সৈয়দ ইফতেকার আহসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, জাপার ছাত্রবিষয়ক সমন্বয়কারী শাই-ই-আজম,ছাত্রবিষয়ক সম্পাদক আবদুল হামিদ ভাসানী, ছাত্রবিষয়ক যুগ্ম সম্পাদক নোমান মিয়া প্রমুখ।
ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





