চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধী জোটের সঙ্গে কোনো সংলাপ হবে না বলে আবারও জানিয়ে দিলেন ১৪ দলের নেতারা।
পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে তারা এসক কথা বলেন। ঢাকা মহানগর ১৪ দল এর আয়োজন করে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে অবস্থান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মানুষ হত্যা ও জঙ্গিবাদের নেত্রী হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘পেট্রলবোমার বিরুদ্ধে মানবতার শক্তিই সবচেয়ে বড় শক্তি। একাত্তরের ঘাতকদের যেভাবে পরাজিত করেছি, শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদেরও সেভাবে পরাজিত করব।’

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, সহিংসতায় নিহত সবার দায়িত্ব খালেদা জিয়াকে নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, ‘এই সংকট রাজনৈতিক সংকট বা আইনশৃঙ্খলার সংকট নয়। এটা হচ্ছে “ইনসার্জেন্সির” সংকট। গণতন্ত্র রক্ষার সংকট। “ইনসার্জেন্সি” মোকাবিলা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সম্ভব নয়। এ জন্য সবাইকে একসঙ্গে তাদের মোকাবিলা করতে হবে।’

মানববন্ধনে অংশ নিয়ে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘বোমা মেরে মানুষ খুন করা হচ্ছে বেগম খালেদা জিয়ার নির্দেশে।’

বেলা তিনটা থেকে শুরু হওয়া এ মানববন্ধন শেষ হয় বিকেল চারটায়। মানববন্ধনে মন্ত্রিপরিষদের সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় নেতা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

জেএ