সরকার বিরোধী রাজনৈতিক জোটের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে তুলে নিয়ে বন্দুক যুদ্ধের নামে হত্যা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্যেই বিরোধী দলের নেতাদের গুম, খুন ও বন্দুক যুদ্ধের নামে ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে। কিন্তু হত্যা-গুম আর খুন করে অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করা যাবে না।
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শাফিউল বারী বাবুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবীতে এই সমাবেশের আয়োজন করা হয়।
সরকারের পায়ের নীচে মাটি নেই এমন দাবী করে মির্জা ফখরুল বলেন, উপজেলা নির্বাচনই তার বড় প্রমাণ। এজন্য তারা উপজেলা নির্বাচনের ফলাফল নিজেদের অধীনে নেয়ার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু জনগণের প্রতিরোধের মুখে আওয়ামী লীগ তা করতে পুরোপুরি সফল হতে পারছে না।
৫ জানুয়ারির একদলীয় নির্বাচন প্রতিহতের আন্দোলন ব্যর্থ হয়নি উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন কোথাও গ্রহণযোগ্য হয়নি, এটিই আমাদের সবচেয়ে সফলতা।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা-গুম বন্ধ করুন।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সামনে অনেক বড় সংগ্রাম অপেক্ষা করছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এই সংগ্রামের জন্য ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিতে হবে।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব উন নবী খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শামছুজ্জামান দুদু, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ২মার্চ (টাইম নিউজবিডি.কম) // কেবি[/b]