“বেগম খালেদা জিয়ার জন্যই ১/১১ সৃষ্টি হয়েছিল, ‘ওই ষড়যন্ত্রে’ জড়িতদের আগে তার বিচার করা হবে' বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারণে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এসেছিল অভিযোগ করে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ এ দাবি জানিয়েছেন।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আমরা নগরবাসী’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “যদি কুশীলবদের বিচার হয়, তবে যাদের জন্য ১/১১ সৃষ্টি হয়েছিল, তাদের বিচার আগে করতে হবে।”
ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্রের বিচারের উদ্যোগ কেন নিচ্ছেন না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খালেদা জিয়ার করা এই প্রশ্নের প্রসঙ্গ তুলে একথা বলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান।
২০০৭ সালের ১১ জানুয়ারি জারি করা জরুরি অবস্থার এক পর্যায়ে শেখ হাসিনার পাশাপাশি খালেদা জিয়াও কারাবন্দি হন।
সেসময় ডিজিএফআইয়ের ‘সরবরাহ করা’ করা খবর যাচাই ছাড়া প্রকাশের ‘ভুল’ ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম স্বীকারের পর ওয়ান-ইলেভেন নিয়ে নতুন আলোচনার মধ্যে মঙ্গলবার নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে ওই প্রশ্ন রাখেন খালেদা।
আলোচনা সভায় হাছান মাহমুদ আরও অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন ২০০৭ সালের পরও ওয়ান ইলেভেনের মতো ষড়যন্ত্র করেছেন।
“শুধু ওই সময় নয়, খালেদা জিয়া ২০১৩, ২০১৪ এমনকি ২০১৫ সালেও ১/১১ এর মত ঘটনা সৃষ্টির চেষ্টা করেছিলেন। তিনি ব্যর্থ হয়েছেন, আর পারবেনও না।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি ‘প্রার্থী শূন্যতা’য় ভুগছে বলেও মন্তব্য করেন সাবেক মন্ত্রী হাছান।
“এখন দেখা যায় বিএনপি প্রতিদিনই সংবাদ সম্মেলন করছে। ইউপি নির্বাচনে প্রার্থী খুজেঁ পাচ্ছে না, মাঠেও কর্মী নেই। এসব কারণে ‘বিএনপি যে এখনও আছে’ তা জানান দেওয়ার জন্য প্রেস কনফারেন্স করে তারা।”
‘স্বাধীনতা সুরক্ষা ও জাতীয় উন্নয়নে শেখ হাসিনার অবদান’ শীর্ষক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আব্দুল মান্নান ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।
এমআর





