গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এটি শুধু সিটি নির্বাচন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ধারণের নির্বাচন। তাই এই নির্বাচনে অংশ নিচ্ছি। মানুষ পরিবর্তন চায়, আমরা বিশ্বাস করি পরিবর্তন সম্ভব।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে গণসংহতি আন্দোলনের আয়োজনে সিটি নির্বাচনে মেয়র প্রার্থী জোনায়েদ সাকির নির্বাচনী ইশতেহার ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, জনগণই আমাদের ভরসা, জনগণ ও তরুণরা ঐক্যবদ্ধ হলে কোন শক্তি তাদেরকে দমাতে পারবেনা। মানুষের আকাঙ্খার বাস্তব রূপ দিতে সম্মিলন ঘটানোর জন্য এবং ঢাকায় সকল নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করতে এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
নির্বাচনী ইশতেহার ঘোষণা কালে তিনি বলেন, দূর্নীতিমুক্ত এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই গণতান্ত্রিক নগর প্রশাসন পরিচালনাই হবে আমাদের মূলনীতি।
লিখিত নির্বাচনী ইশতেহার পাঠ কালে তিনি প্রস্তাবনা, পরিচালনা মূলনীতি, নাগরিকদের অধিকার, প্রকৃতি ও পরিবেশ, নগরবাসীর পরিবহন, খাদ্যে ভেজাল ও বিষক্রিয়া রোধ, স্বাস্থ্য সেবা, শিক্ষা, অন্যান্য পরিষেবাগুলোর ওপর নিয়ন্ত্রণ, নগরের জন্য বিশেষ নূনতম মজুরি, বস্তিবাসীদের জন্য বিশেষ কর্মসূচি, সংস্কৃতিচর্চা ও বিনোদন, স্বেচ্ছাসেবী, জবাবদিহিতা ও নাগরিক তদারকি, নগরবাসীর মতামত সংগ্রহ ও বিশেষজ্ঞ পর্ষদ গঠন, দূর্নীতিও চাঁদাবাজি রোধ এবং নগর কর্তৃপক্ষের আয়বৃদ্ধি, উৎপাদনশীলতার বৃদ্ধির উপযোগী নগর-কাঠামো গড়ে তোলা, সংযোজন ও পরিমার্জনের মধ্য দিয়ে পূর্ণতর অভীষ্ট নির্ধারণ উপস্থাপন করেন।
নারীর জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা উপস্থাপন করে তিনি বলেন, ঢাকার নগর বাসির প্রায় অর্ধেক বাসিন্দা নারী। নারীর জন্য এই নগরী রীতিমত বদ্ধভূমি। নারীরা যাতে স্বাধীনভাবে চলতে পারে আমরা সেই অবস্থার পরিবর্তন ঘটাতে চাই।
অঙ্গিকার ব্যক্ত করে তিনি বলেন, এই ইশতেহারের অঙ্গীকার ও প্রতিশ্রুতিগুলোকে আরও বাস্তব সম্মত ও জীবনমুখী করার প্রয়োজনীতার বিষয়ে আমরা সচেতন থাকবো। এই ইশতেহারকে পূর্ণ করে তোলা এবং বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করাকে আমাদের জীবনের ব্রুত হিসেবে নিয়েছি।
ঢাকার নাগরিকদের এবং তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ইশতেহার তৈরি করেছি আমাদের প্রাত্যহিক অভিজ্ঞতার ভিত্তিতে, তাই নতুন রাজনীতির উদ্বোধন ঘটাতে সকলে এগিয়ে আসবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আব্দুস সালাম,ফিরোজ আহমেদ, জোনায়েদ সাকির স্ত্রী শ্রমিক নেত্রী তাসলিমা আক্তার, অধ্যক্ষ আহমেদ কামাল প্রমুখ।
এমএ/এমকে





