আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ নিতে যাওয়া বিশিষ্ট নাগরিকদের অনেককেই এক-এগারোর কুশীলব। এদের উদ্দেশ্য ঘোলা পানিতে মাছ শিকার করা।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেললে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, “নাগরিক সমাজের একটি অংশ এই (বিএনপি-জামায়াত) দুষ্কৃতিকারী বোমা হামলাকারীদের সাথে আলোচনার কথা বলেছেন। যারা এই আলোচনার কথা বলছেন, তাদের অনেকেই এক-এগারোর কুশীলব।
তিনি বলেন, বিশিষ্টজনের এই আহ্বানের একটাই উদ্দেশ্য নৃশংস পেট্রোল বোমা হামলাকারী, মানুষ পুড়িয়ে হত্যাকারী এবং হত্যাকারীদের নেত্রী খালেদা জিয়া ও অন্যান্য নেতাদের জঘন্য মানবতাবিরোধী অপরাধকে আড়াল করা। পৃথিবীর কোথাও দুষ্কৃতিকারীদের সাথে কেউ আলোচনায় বসে না। দুষ্কৃতিকারীদের দমনই করা হয়।
তিনি বলেন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ শুরু করেছে। ১৫ দিন আগের চেয়ে এখন দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুস সাত্তার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।
এমআর, জেএ





