বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠেছে। ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে চারদিকে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কৃষিবিদ জাবেদ ইকবাল স্মরণে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের পতনের ঘণ্টা বেজেছে। সেদিন আমাদের খন্দকার মোশাররফ হোসেন সাহেব বলেছেন– ইডেনে উনি (শেখ হাসিনা) ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করেছেন ক্রিকেট খেলা, তাদেরও (সরকার) ঘণ্টা বাজছে আর কী। ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে চারদিকে।

সরকার সবক্ষেত্রে ব্যর্থ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নানা ক্ষেত্রে ব্যর্থতাই সরকারের পতন ডেকে আনছে। তাদের সময় ফুরিয়ে এসেছে। ক্ষমতাসীনরা এখন বিএনপি জুজুতে ভুগছে।

এসময় দলমত নির্বিশেষে সবাইকে সরকার পতন আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

হলি আর্টিসান হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, হলি আর্টিসানের রায়ে আমরা সন্তুষ্ট এজন্য যে, এ রায়ে ভয়ঙ্কর ও ভয়াবহ জঙ্গিবাদ, সেটা যে ধরনেরই হোক। যে জঙ্গিবাদ আজকে মানব সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে, তার বিরুদ্ধে একটা রায় হয়েছে, সেই রায়কে আমরা স্বাগত জানিয়েছি।

তিনি বলেন, আমরা এটাও আশা করছি, এ ধরনের ঘটনা বাংলাদেশে ভবিষ্যতে যাতে না ঘটে, তার জন্য সবাই সচেতন থাকবে। কিন্তু সমস্যাটা কিন্তু অন্য জায়গায়? এই ঘটনা ঘটনার সুযোগ থাকে কোথায়? তখনই সুযোগ সৃষ্টি হয় যখন মানুষ কথা বলতে পারে না, যখন মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারায়, যখন মানুষ তার ব্যথা, বেদনা, আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করতে পারে না।

তিনি বলেন, আজকে আওয়ামী লীগ সরকার ১০-১২ বছর ধরে এই অবস্থান তৈরি করেছে যে, যেখানে মানুষ তার কথা বলতে পারবে না।

অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক রাশিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই সিকদার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য সচিব ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এমবি