‘শেখ হাসিনা গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জেলে বসেই সব প্ল্যান করেছিলেন। আজ তিনি তা বাস্তবায়ন করছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শুক্রবার বিকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন(সিআরআই)আয়োজিত ‘লেটস টক ইউথ সজীব ওয়াজেদ জয় অন বাংলাদেশ এচিভিং মিডল ইনকাম স্ট্যাটাস’ শীর্ষক এক আলোচনা সভায় শতাধিক তরুণের সামনে তিনি এ মন্তব্য করেন।
জয় বলেন, ভিশন-২০২১ পূরণের ৬ বছর আগেই নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়ে বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে।
জয় বলেন, ‘বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে-আমরা পারি, নিজেরাই। দেশবাসীকে এগিয়ে নিতে পারি।’
তিনি বলেন, আমরা জানতাম যে এটা অর্জন করব, শুনেছি এটা হবে। শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি ছিল। ওয়াদা ছিল ২০২১ সালের মধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে পৌঁছাব। এর ৬ বছর আগে সেখানে পৌঁছে গেছি, এ জন্য আমরা গর্বিত।’
চলতি মাসের শুরুতে মাথাপিছু আয়ের ভিত্তিতে বাংলাদেশকে এক ধাপ এগিয়ে নিম্ন মধ্যম আয়ের দেশের কাতারে উন্নীত করে বিশ্বব্যাংক।
আওয়ামী লীগ সরকারের সময়ে নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরে জয় বলেন, ‘আমরাও আশ্চর্য হয়েছি। এটা (৬ বছর আগে লক্ষ্যমাত্রা অর্জন) একটা চ্যালেঞ্জ ছিল। বিশ্বের সবচয়ে দরিদ্র দেশ থেকে আজ আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ।
এমএ





