শিক্ষা মন্ত্রণালয়কে দোষ স্বীকার করে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, আমাদের উচিত আগে দোষ স্বীকার করা। তারপর সমস্যার সমাধান করা।
শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, জনগণ জানার পর শিক্ষা মন্ত্রণালয় জানতে পারে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তারপর মন্ত্রণালয় থেকে একটি প্রেস রিলিজের মাধ্যমে বলা হয় প্রশ্ন ফাঁস হয়নি কিন্তু পরে দেখা যায় আসলেই প্রশ্ন ফাঁস হয়েছে। তাই আগে দোষ স্বীকার করে সমস্যার সমাধান করতে হবে।
নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের চেয়ে বিএনপি যদি বেশী ভোট না পায় তবে আমি রাজনীতি ছেড়ে দেব- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের কঠোর সমালোচান করে সুরঞ্জিত বলেন, আপনি রাজনীতি করলেন কবে। দেশে মুক্তিযুদ্ধসহ নানা আন্দোলন হয়েছে আপনি কোথায় শরীক ছিলেন? আপনি তো যুদ্ধাপরাধীদের মুক্তি ও তাদের গাড়িতে পতাকা তুলে দেয়ার রাজনীতির নামে অপরাধ নীতি করেছেন।
মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, লন্ডন আর ঢাকা কি বলে এই স্ট্যানবাজির রাজনীতি ছাড়েন। লেজুরবৃত্তি না করে রাজনীতিতে আমাদের গুণগত পরিবর্তন আনতে হবে। রাজনীতির নামে অপরাজনীতি ও স্ট্যানবাজি ছেড়ে গঠনমূলক রাজনীতিতে ফিরে আসুন।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো: সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
এমআর/ এআর





