জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, ‘১৬ কোটি মানুষের দেশ, এতগুলো মানুষের মধ্যে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে।’  
বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
নারায়ণগঞ্জসহ সারাদেশে যেভাবে গুম খুন হচ্ছে তাতে প্রধান বিরোধী দলের ভূমিকা বা বিরোধী দলীয় নেতার বক্তব্য জানতে এ কথা বলেন বিরোধী দলীয় নেতা।
দেশের সাম্প্রতিক উদ্বেগজনক গুম-খুনকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে অভিহিত করেছেন তিনি।
রওশন সাংবাদিকদের বলেন, ‘দেশের গার্মেন্টস সেক্টরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা তাদের সহযোগিতা কামনা করেছি। তারা আমাদের সহযোগিতা করতে সম্মতি জানিয়েছেন। এছাড়া গার্মেন্টসে কর্মরত মেয়েদের স্কলারশিপ দেয়ার ব্যাপারেও কথা বলেছি।’
তিনি জানান, চীন, মায়ানমার, ভারত ও বাংলাদেশ মিলে একটি অর্থনৈতিক করিডোর গঠনে কথা হয়েছে। তারা এ প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেছে।
দেশের অব্যাহত গুম-খুন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা আরো বলেন, ‘দোষীদের গ্রেপ্তারের দাবিতে ইতোমধ্যে মানববন্ধন করেছি। তাছাড়া সরকার দোষীদের গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্ত্রী মহোদয়ও বিচারের আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারেো আমরা আশাবাদী।’
বৈঠকে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান ইয়ান জুনকি ও চীনের রাষ্ট্রদূত লী জুনসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলন। রওশন এরশাদের সঙ্গে তার রাজনৈতিক সচিব গোলাম মসীহ ও প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]