জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, উপর্যুপুরী অপশাসনের কারনে জনগণ আজ মুক্তিযুদ্ধের আদর্শ ভুলতে বসেছে।
দেশ পরিচালনায় জনগনের সম্মতি ও সমর্থনের প্রয়োজনীয়তা অস্বীকার করে চলছে। জনগণের মিছিল-মিটিং বন্ধ করে উন্নত ভাবাদর্শ প্রচারের পথ বন্ধ করে দেয়া হয়েছে।
সরকার জানেনা জনগণের রাজনৈতিক অধিকার , গণতন্ত্র ও মানব সম্পদ উন্নয়ন ছাড়া কোন উন্নয়নই টেকসই হয়না। বরং তা হয় সংবিধান বিরোধী ও স্বৈরতান্ত্রিক কার্যক্রম। তাই এ অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু জাতীয় নির্বাচন এর মাধ্যমে একটি বৈধ ও গণতান্ত্রিক সরকার গঠন করা।
মঙ্গলবার বিকালে শহীদ বুদ্ধিজীবী দিবস ও ঐতিহাসিক ১৬ই ডিসেম্বর উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডি আয়োজিত আলোচনা সভায় রব একথা বলেন।
রব আরো বলেন, একটি বৈধ সরকারের পাশাপাশি দেশে পার্লামেন্টের উচ্চকক্ষ, প্রাদেশিক সরকার ব্যবস্থা উপ আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠন সহ জেএসডি’র ১০দফা বাস্তবায়ন করাও প্রয়োজন।
এর জন্য প্রয়োজনে এখনই সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহন করা। তিনি স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের শহীদদের জন্য একক দিবস পালনের জন্য সরকারের আনুষ্ঠানিক ঘোষনার দাবী জানান।
আলোচনা সভায় জেএডি সাধারন সম্পাদক আবদুল মালেক রতন বলেন, স্বাধীন দেশের উপযোগী রাজনীতি, রাষ্ট্রব্যবস্থাপনা ও সংবিধানের অভাবেই দেশে আজও দু:শাসন চেপে বসে আছে, সন্ত্রাস ও জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে উঠার সুযোগ পাচ্ছে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মো: সিরাজ মিয়া, জনাব আবদুল খালেক, মোশারফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা প্রমুখ। এদিকে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনানো হয়েছে যে, জেএসডি’র পক্ষ থেকেআগামী কাল ১৬ই ডিসেম্বর সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হবে ।
এসএইচ





