আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বাসা থেকে বের হতে নিষেধ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নোয়াখালী জেলার সঙ্গে কথা বলার সময় তিনি তার এ নির্দেশের কথা জানান।

করোনায় চলমান সংকটবস্থায় সতর্ক হয়ে চলাফেরার জন্যই এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর এ ভিডিও কনফারেন্সে আজ উপস্থিত ছিলেন না ওবায়দুল কাদের।

বিষয়টি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে অবশ্য মন্ত্রী থাকতে পারত। কিন্তু তাকে (ওবায়দুল কাদের) আমি বাসা থেকে বের হতে মানা করেছি। কোথাও যেতেও না করেছি।’

প্রধানমন্ত্রীর এমন নির্দেশনায় গত কয়েকদিন থেকে ধানমন্ডির দলীয় কার্যালয়েও ওবায়দুল কাদের উপস্থিত হচ্ছেন না। তবে বাসা থেকেই ভিডিও কনফারেন্সে সমসাময়িক ইস্যুতে গণমাধ্যমে কথা বলছেন তিনি।

প্রসঙ্গত, গত বছরের ৩১ মার্চ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন তিনি। সেসময় পরীক্ষায় তার করোনারি আর্টারিতে ব্লক পাওয়া যায়। পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। গত বছরের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টের বাইপাস সার্জারি হয়।

একদিনে সর্বোচ্চ মৃত্যু, করোনায় বাংলাদেশ পরিস্থিতি
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী, দেশে আরও ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। অপরদিকে, নতুন করে আরও ৫ জনসহ এ পর্যন্ত ভাইরাসটিতে প্রাণ গেছে ১৭ জনের।

এএস