বর্তমান আওয়ামী সরকার জালেম সরকারে পরিণত হয়েছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন এই জালেম সরকারের বিদায়ের সময় হয়েছে। তারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস মুছে ফেলেছে। সেজন্য তারাও একদিন ইতিহাস থেকে মুছে যাবে।

শনিবার বিকালে কুমিল্লা জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত জনসভায়  তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই অবৈধ সরকার বুঝতে পারছে জামায়াত-শিবির নেতৃবৃন্দ আন্দোলনের মাঠে থাকলে আগামী দিনের আন্দোলন আরও বেগবান হবে তাই শিবিরের ৩জন সাবেক সভাপতিকে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দেয়া হয়েছে। এছাড়াও  অসংখ্য জামায়াত নেতাকর্মীকে মিথ্যা মামলায় জেলে আটকে রাখা হয়েছে।

এই জালেম সরকারের নির্যাতনের হাত থেকে নারী শিশু এমনকি বৃদ্ধরাও রেহাই পাচ্ছে না।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমালোচনা করে এই জামায়াত নেতা বলেন, যদিও এই ট্রাইব্যুনালের নাম রাখা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু আন্তর্জাতিক কোনো মান বজায় রাখা হচ্ছে না। কিন্তু এই অবৈধ সরকার জামায়াতের নিরাপরাধ নেতাবৃন্দকে কথিত ধর্ষনের অপরাধে বিচার করছে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটালেও তাদের কোন বিচার হচ্ছে না। আওয়ামী লীগ এখন একটি ধর্ষকের দলে পরিণত হয়েছে। 

তিনি বলেন, ২০ দলের দাবী একটাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা। এই দাবী দেশের ১৬ কোটি মানুষের। তাই জনগনের দাবীর প্রতি সম্মান দেখিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর দাবী জানান তিনি।

অধ্যাপক মুজিবুর বলেন, আওয়ামী লীগ সংলাপে কেন বসতে চায় না দেশের মানুষ তা বুঝে ফেলেছে। কারণ তারা যে অন্যায় করেছে। এতে করে সংলাপে বসার মত সৎসাহস তাদের নেই।

কুমিল্লা দক্ষিণ বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদ, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার।

শরিকদের মধ্যে এলডিপি সভাপতি অলি আহমেদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের মাওলান মুহাম্মদ ইসহাক, কল্যান পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

এমএইচ/এসএইচ