'যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা এখন সময়ের ব্যাপার মাত্র। যুদ্ধাপরাধীরা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে খুন, ধর্ষণ, লুণ্ঠনসহ জঘন্য অপরাধের শাস্তি তাদের পেতেই হবে।'
সোমবার দুপুরে গাইবান্ধার সাঘাটায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বি মিয়া।
তিনি সেখানে উপজেলার ভরতখালীসহ ৬টি সড়ক সংস্কার ও একটি স্লুইস গেটের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এর আগে ডেপুটি স্পিকার সকালে গাইবান্ধা আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মণ্ডলের সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা মবিনুল হক জুবেল, শামসুল আলম প্রমুখ।
অ্যাডভোকেট রাব্বী বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ হানাদার মুক্ত হয়েছে বলেই আজ আমরা কেউ এমপি হয়েছি, কেউ মন্ত্রী হয়েছি । দেশের স্থিতিশীলতা ও অগ্রগতি বিনষ্ট করতে একটি মহল সব সময় তত্পর। তাদের রুখতে মুক্তিযোদ্ধাদের একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে।
৩ দিনের সফর শেষে ডেপুটি স্পিকার আগামী ২১ মে গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]