আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানিকগঞ্জের দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
বঙ্গবন্ধুর পরিবার নিরাপত্তা আইন ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে এই জিডি করা হয়েছে।
দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের মেনহাজ উদ্দিনের ছেলে নিজাম হোসেন শুক্রবার রাতে এই অভিযোগপত্রটি দায়ের করেন। নিজাম হোসেন মানিকগঞ্জ-১ আসনে সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হকের ব্যক্তিগত সহকারী।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। এছাড়া অভিযোগটি আইসিটি অ্যাক্ট অনুমোদনের জন্য পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
দৌলতপুর থানা সূত্র ও অভিযোগকারী শিক্ষানবিশ আইনজীবী নিজাম হোসেন জানান, গত ৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশের গনমাধ্যমের অধিকাংশই স্বেচ্ছায় পরাধীনতা মেনে নিয়েছে।
এ সময় মাহমুদুর রহমান আরও বলেন, গনমাধ্যমের ৯০ শতাংশের মালিক হচ্ছে বর্তমান যে ফ্যাসিবাদী অবৈধ সরকার ক্ষমতায় আছে তাদের দল ও সুবিধাবাদী শ্রেণি।
এছাড়া মাহমুদুর রহমান “জাতির পিতা পরিবার নিরাপত্তা আইন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আপত্তিকর ও কটূক্তিকর মন্তব্য করায় তিনি মর্মাহত হয়ে এই অভিযোগটি দায়ের করেন।
তিনি তার অভিযোগে উল্লেখ্য করেছেন মাহমুদুর রহমানের এ ধরনের বক্তব্য দেশ ও জাতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। তথ্যপ্রযুক্তি আইনের আওতায় এনে মাহমুদুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
দৌলতপুর থানায় দায়ের করা ওই অভিযোগ সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবুজ্জামান জানান, অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। এছাড়া অভিযোগটি আইসিটি অ্যাক্ট অনুমোদনের জন্য পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে মামলা হিসেবে গণ্য করা হবে।





