রাজধানীর ১০ হাজার আবাসিক গ্রাহককে প্রাথমিকভাবে প্রি-পেইড মিটারিং সিস্টেমের আওতায় আনা হচ্ছে। এ জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আওতাধীন এনওসিএস আজিমপুর এলাকায় প্রি-পেইড মিটার স্থাপন করা হচ্ছে।
রবিবার দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে ডিপিডিসি ও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিডেটের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
ডিপিডিসির পক্ষে প্রকল্প পরিচালক এ এইচ এম মহিউদ্দিন ও বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ডিজিএম (পরিকল্পনা) মেজর এস এম পারভেজ সাত্তার চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তিতে বলা হয়েছে, প্রকল্পটি দুটি ফেজে সম্পন্ন করা হবে। প্রথম পর্যায়ে চলতি বছরের মে মাসের মধ্যে ৫ হাজার মিটার স্থাপনসহ প্রি-পেইড মিটারিং সিস্টেম চালু করা হবে। পরবর্তী চার মাসের মধ্যে দ্বিতীয় ফেজে বাকি ৫ হাজার মিটার স্থাপন করা হবে। পরবর্তী ৫ বছর প্রকল্প এলাকায় প্রি-পেইড মিটার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সেবা দেওয়া হবে।
ডিপিডিসির অর্থায়নে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৬৫৬ টাকা।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে ডিপিডিসির সকল গ্রাহক প্রি-পেইড মিটারের আওতায় আসবে।’ পাশাপাশি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকদেরও এ সময়ের মধ্যে প্রি-পেইড মিটারের আওতায় আনার কথা বলেন তিনি।
ডিপিডিসির চেয়ারম্যান তাপস কুমার রায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রি. জে. (অব.) মো. নজরুল হাসান ও বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রি. জে. আসিফ আহমেদ আনসারী।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]