বিএনপির ফর্মুলা নির্বাচনকালীন সহায়ক সরকারে জাতীয় পার্টি বিশ্বাসী নয়। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ।

আজ সোমবার বিকালে বন্দরের পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকায় জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও এমপি প্রয়াত নাসিম ওসমানের জন্মদিন ও নাসিম ওসমান মডেল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা ভবন উদ্বোধন উপলক্ষে জেলা জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, আমি যখন ক্ষমতায় ছিলাম তখন নারায়ণগঞ্জে রাস্তা ঘাট নির্মাণ করেছি। সড়কের ব্যাপক উন্নয়ন করেছি। উপজেলা করেছি। নারায়ণগঞ্জে অনেক উন্নয়ন করেছি, নারায়ণগঞ্জকে থানা থেকে জেলায় রূপান্তর করেছি। কাঁচপুর ব্রিজ আমি করেছি, এই মহাসড়ক আমি করেছি, এরকম অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানকে দিয়ে করিয়েছি। আগামীতে যদি ক্ষমতায় আসি তাহলে আমার প্রথম কাজ হবে শীতলক্ষ্যা সেতু নির্মাণ। 

জাতীয় পার্টি আগামী নির্বাচনে মহাজোটে থাকবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাজোটে থাকব কি না তা সময়েই বলে দেবে।

তিনি বক্তব্যের মাঝখানে নাসিম ওসমান স্মরণে স্বরচিত কবিতা পাঠ করেন। এসময় তিনি ওসমান পরিবারের ভূয়সী প্রশংসা করেন এবং সেলিম ওসমান এমপি অরাজনৈতিক সুন্দর বক্তৃতারও ভুয়সী প্রশংসা করেন।

এমবি