আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আর আপনারা (আমলা) মজা মারবেন এটা তো হয় না।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

আমলাদের উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, রাষ্ট্রের উচ্চ পর্যায়ে থেকে আপনারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে প্রতারণা করবেন। এটা হতে পারে না। ৪ জনের মুক্তিযুদ্ধের সনদ বাতিল করা হয়েছে। একজন ওয়েটিংয়ে আছেন। আরেকজন প্রধানমন্ত্রীর সাথে গেছেন। এদের বিরুদ্ধে খুব দ্রুত আইনী ব্যবস্থা নেয়ার আহবান জানান সুরঞ্জিত।

ব্যাংক ব্যবস্থার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ব্যাংকে অযোগ্য ও সুবিধাবাদী কিছু লোক আছে। এদের বের করতে হবে। এরা কারা? কারো আত্নীয়-স্বজন, না অন্য কেউ তা দেখার বিষয় নয়। নিয়োগের ক্ষেত্রে যোগ্য লোক নিতে হবে। তাহলেই ব্যাংক ব্যবস্থার অরাজকতা কমবে।

তিনি বলেন, হরতাল ডাকে বিএনপি আর মাঠে থাকে আওয়ামী লীগ। এটা একটি তামাশা। এটা না করলেও পারতেন। বিএনপি যদি মনে করেন। সংবিধানের ষোড়শ সংশোধনী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক তাহলে হরতাল না দিয়ে আইনের আশ্রয় নেন।

তিনি আরও বলেন, হরতাল ডাকলেই হরতাল হয় না। যতক্ষন পর্যন্ত জনগণের মঙ্গলের জন্য হরতাল না হবে ততদিন পর্যন্ত হরতাল পালনে জনগণের উপস্থিতি থাকবে না। তাই অনর্থ হরতাল ডেকে কোন লাভ নেই।

সংগঠনের উপদেষ্টা হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামছুল হক টুকু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধানমণ্ডি থানা মহিলা লীগের সাবেক সভাপতি সৈয়দ রাজিয়া মোস্তফা, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

ঢাকা, এমআর, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর