পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেত্রী নন, তিনি একের পর এক আন্তর্জাতিক সম্মাননা, পুরস্কারে ভূষিত হওয়ায় বিশ্বনেতায় পরিণত হয়েছেন।

ড. হাছান মাহমুদ পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেনেভায় ‘আন্তর্জাতিক গ্রিণ স্টার’ সম্মাননা গ্রহণ করে বুধবার দুপুরে চট্টগ্রামে আসলে তার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া ও বোয়ালখালীর (আংশিক) জনগণ শুভেচ্ছা জানাতে শাহ আমানত বিমানবন্দরে আসে। তখন জনতার উদ্দেশে তিনি এ সব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ভবিষ্যতে শেখ হাসিনা যদি আবার দেশ পরিচালনার সুযোগ পান, তাহলে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশের অর্জন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। দুই বিদেশিকে হত্যা করা এই ষড়যন্ত্রেরই অংশ। ষড়যন্ত্রকারীরা বিদেশি নাগরিককে হত্যার মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশ সম্পর্কে একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করার অপচেষ্টা করছে।

এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, সরকার কোনোভাবেই এই ষড়যন্ত্রে বিচলিত নয়। সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।

ড. হাছান মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নানামুখী সফল কর্মসূচি গ্রহণ করায় তিনি সুইজারল্যান্ডের জেনেভা থেকে আন্তর্জাতিক গ্রিণ স্টার সম্মাননা অর্জন করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সফলতার সঙ্গে দেশ পরিচালনা করে বাংলাদেশকে সারাবিশ্বে একটি উন্নয়নের মডেল দেশ হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। আগামী দিনে আবার যদি শেখ হাসিনা দেশ পরিচালনার সুযোগ পান, তাহলে সমগ্র বিশ্বের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।

কেএইচ