দেশে এখন কোনো গণতন্ত্র নেই দাবী করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, গণতন্ত্র না থাকায় বারবার ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত আসছে। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত ‘বিচার বিভাগ, গণতন্ত্র ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জয় প্রধানমন্ত্রীকে কী এমন উপদেশ দেন, যে তাকে প্রতি মাসে এক কোটি ৬০ লাখ টাকা বেতন দিতে হয়। পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে উপদেষ্টাদের পেছনে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার কোনো নজির নেই। তাছাড়া জয় থাকে দেশের বাহিরে, তাহলে উপদেষ্টা হয় কীভাবে?
‘লতিফকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, আমাদের ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করেছে সরকারের নাস্তিক মন্ত্রী লতিফ সিদ্দিকী। দেশে যে আইন আছে সেই আইন অনুযায়ী লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুক পীরসাহেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, ব্যারিস্টার হায়দার আলী, ব্যারিস্টার পারভেজ, ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।
এমএইচ





