হাওয়া ভবনে বসে তারেক জিয়া ২১ আগস্টের গ্রেনেড হামলার পরিকল্পনা করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। তিনি বলেন, হরকাতুল জিহাদসহ দেশের শীর্ষ জঙ্গি সংগঠন ও পাকিস্তান-ভারতের জঙ্গি সংগঠনের সাথে হাওয়া ভবনে একাধিক বার বৈঠকও করেছিলেন তারেক।

সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাড়িতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

হাবুব উল আলম হানিফ বলেন, গ্রেনেড হামলায় জড়িতরা তাদের জবানবন্দি ও স্বীকারোক্তিতে তারেক জিয়া এবং সেই সময়কার বিএনপির শীর্ষ পর্যায়ের মন্ত্রী ও এমপিদের নাম বলেছেন।

তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গ্রেনেড হামলাকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করেন হানিফ।

এসময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই