যুদ্ধাপরাধীদের সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের দল হিসেবে জামায়াতকেও খুব শিগগিরই নিষিদ্ধ করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘যদি বর্তমান সংবিধানের মাধ্যমে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত সম্ভব না হয়। তাহলে সেটি পরিবর্তন করে সকল যু্দ্ধাপরাধীর সম্পদ বাজেয়াপ্ত করা হবে।’
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম আয়োজিত‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের চলচ্চিত্র ২০১৫’ উপলক্ষে এক প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
জয়ের আনন্দ আমরা ভুলে গিয়েছি কিন্তু পরাজিত সৈনিকরা ভুলেনি বলেই তারা এখনো ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, ‘হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় বাংলার জনগণ তা পছন্দ করেন না। তাদের রাজনৈতিক কবর অবশ্যই এদেশের মাটিতে রচিত হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা,সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফি কামাল, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি লায়ন সাখায়াত হোসেন, উত্তম কুমার বড়ূয়া প্রমুখ।
এমকে





