বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ আমাদের হৃদয় ভারাক্রান্ত। নারায়ণগঞ্জে অপহৃতদের লাশ পাওয়া যাচ্ছে। সারাদেশে অলিতে গলিতে লাশ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় গাজীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশের ঝলমলে সাজসজ্জা হয়েছে।
মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শ্রমিক গণজমায়েতে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী শ্রমিকদলের আয়োজনে এই কর্মসূচীতে এবারের বিষয় নির্ধারিত হয়েছে ‘জীবন-জীবিকার নিশ্চয়তায় কর্মসংস্থান, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মস্থল, গণতান্ত্রিক শ্রম আইন, জাতীয় নিম্নতম মজুরি ও পর্যাপ্ত সামাজিক
নিরাপত্তা চাই’।
ফখরুল বলেন, দেশে আজ জাতীয় ঐক্য প্রয়োজন। এই সরকারকে সরে যেতে বাধ্য করতে হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গণজমায়েতের সমন্বয়ের দায়িত্ব পালন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও শ্রমিকদলের সাবেক সভাপতি আবদুল্লাহ আল নোমান।
সংগঠনের নব-নির্বাচিত সভাপতি মো. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এজেডএম জাহিদ হোসেন, আবদুল মান্নান, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসান, নব নির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলাদলের সভাপতি নুরে আরা সাফা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরফত আলী সপু প্রমুখ।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]