আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় বর্তমান সরকার যেভাবে আছে হয়তো এভাবেই থেকে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টি এভাবেই বলেছেন।

আজ (২৮ অক্টোবর) রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে অর্থমন্ত্রীর কাছে গণমাধ্যমকর্মীদের প্রশ্ন ছিল- নির্বাচনকালীন সরকার কবে গঠন হবে?

জবাবে অর্থমন্ত্রী বলেন, “সরকার যেভাবে আছে হয়তো এভাবেই থেকে যাবে। প্রধানমন্ত্রীও বিষয়টি এভাবেই বলেছেন। তারপরও দেখা যাক কী হয়।”

তিনি বলেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট নিয়ে সরকার ‘মোটেও উদ্বিগ্ন নয়’।

আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিত বেশ শান্ত রয়েছে। চেষ্টা করলেও আর কেউ রাজনৈতিক পরিস্থিতি খারাপ করতে পারবে না। 

অর্থমন্ত্রী বলেন, “বিএনপি এবার নির্বাচনে আসবে। কাজেই রাজনৈতিক পরিস্থিতি আর খারাপ হবে না। ২০১৪ সালে তারা নির্বাচন করেনি। সেবার জ্বালাও-পোড়াও ও ভাঙচুর করে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিল। এবার আর তারা এটা করতে পারবে না। করলে শক্ত হাতে তা দমন করা হবে।”

বিএনপি আসন্ন নির্বাচনে অংশ নেবে। যদি বিএনপি অংশ না নেয় তাহলে তারা অস্তিত্বহীন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

এমবি