বিএনপি চেয়ারপার্সন ও ১৯ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, অতি দ্রুত সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করলে দল গুছিয়ে নিয়ে ফের কঠোর কর্মসূচি দিয়ে মাঠে নামা হবে। আমরা তো আর  সংলাপের জন্য বসে থাকতে পারি না।
মঙ্গলবার বিকালে গুলশানের ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের জবাবে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাচনে বিএনপিসহ ১৯ দলের অংশগ্রহণ প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা নির্বাচন একটি স্থানীয় নির্বাচন এখানে যে কেউ নিতে পারে। আর এর মাধ্যমে দেশের ক্ষমতার পরিবর্তন হয় না তাই এই নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের তুলনা করা যাবে না।
২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসিতে রাজপথে বিএনপির নেতাকর্মীদের নামতে দেখা যায়নি কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ভীত হয়ে সেদিন আমাদের রাজপথে নামতে দেয়নি। দেশের জনগণ আমাদের সঙ্গে ছিল কি না? সেদিন সরকার অবরোধ না দিলে আপনারা বুঝতে পারতেন।
৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি ভুল করেছে কি না ? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভুল আমরা করিনি। ভুল করেছে আওয়ামী লীগ। কারন তারা দেশের জনগণের ওপর বিশ্বাস রাখতে পারে নি। এজন্য দেশের জনগণ ৫ জানুয়ারির নির্বাচনে ভোট দিতে যায় নি। এতেই প্রমাণ হয় আমরা সঠিক পথে আছি। ১৯ দলের সিদ্ধান্ত সঠিক ছিল।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ১৯ দলীয় জোটের অন্যতম শরীক জামায়াতকে পরিত্যাগ করলে আলোচনা হতে পারে। এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে কে কার সাথে জোটবদ্ধভাবে রাজনীতি করবে, সেটি নিজেরাই ঠিক করবে। বিএনপি কারো কথা মেনে রাজনীতি করবে না।
[b]ঢাকা, এমএইচ, ০৪ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)[/b]