সরকারি চাকরিতে বয়সসীমা নিয়ে প্রশ্ন তুলেছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, সরকারি চাকরিতে বয়সসীমা ৩০ বছরের বেশি কেন নয়, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আপনাকে বলতে হবে।
আজ (মঙ্গলবার) দুপুরে ঢাকার সাবেক মেয়র হানিফের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন।
ওমর ফারুক চৌধুরী বলেন, সম্প্রতি জাতীয় সংসদে আপনি বলেছেন সরকারি চাকরির বসসীমা ৩০ বছরের বেশি করা যাবে না। আপনাকে বলতে হবে, কেন এ দেশের যুব সমাজ দেশের সম্পদ না হয়ে, দেশের বোঝা হয়ে যাচ্ছে। আমরা জানতে চাই।
তিনি বলেন, কল্পনা শক্তি ভালো, কিন্তু সে কল্পনার পথ অনেক সময় মানুষকে ভুল স্থানে পৌঁছে দেয়। এ দেশে ২৭-২৮ বছরের আগে শিক্ষা জীবন শেষ হয় না। এরপর চাকরিতে আবেদন করতে করতেই সময় চলে যায়, তাদের চাকরিতে প্রবেশের সুযোগ কই। এ দেশের যুবসমাজ চাকরি চায় না। মেধা প্রমাণের সুযোগ চায়।
ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্বে করেন মেয়র সাঈদ খোকন।
এমবি





