বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, সরকার উন্নয়নের কথা বলে হরিলুট করছে।

সোমবার দুপুরে শেরে বাংলা নগরে জাতীয়তাবাদী তৃণমূল দলের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ঢাকা ময়মনসিংহ ফোর লেন, পদ্মা সেতু নির্মাণ কাজে বারবার টাকা বাড়ানো হচ্ছে। যেখানে বিদেশে এমনকি ভারতে অল্প টাকায় এক কিলোমিটার রাস্তা করা হয় সেখানে আমাদের দেশে নব্বই লাখ টাকা খরচ করে এক কিলোমিটার রাস্তা করা হচ্ছে। আর এটা করা হচ্ছে লুটপাটের জন্য।

এর আগে জিয়ার মাজারে নেতাকর্মীদের নিয়ে ফুল দেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, সরকার মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে বিএনপি নেতাকর্মীদের মামলায় জড়ানোর পাঁয়তারা করছে।

তিনি বলেন, সরকার রাজনৈতিক ভাবে সুবিধা করতে না পেরে এখন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর দোহাই দিয়ে নতুন নতুন মামলা দেওয়ার ফাঁদ তৈরি করছে।

মুক্তিযুদ্ধ নিয়ে যারা বির্তক মন্তব্য করবে তাদের নামেও মামলা দেওয়া হবে সরকারের মন্ত্রীদের এমন মন্তব্যের কথা উল্লেখ করে হান্নান শাহ বলেন, তারা কি রাষ্ট্রদ্রোহ মামলা সম্পর্কে জানেন?

রাজনৈতিক ভাবে সুবিধা করতে না পেরে এখন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর দোহাই দিয়ে বিএনপি নেতাকর্মীদের মামলায় জড়ানোর পাঁয়তারা করছে সরকার। ক্ষমতায় টিকে থাকতেই তারা এসব বক্তব্য দিচ্ছে। কিন্তু জনগণ তা বিশ্বাস করে না।

বিএনপির কাউন্সিল সর্ম্পকে হান্নান শাহ বলেন, ১৯ মার্চ দলের জাতীয় কাউন্সিলের জন্য প্রস্তুত চলছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরে এলেই বেশ কয়েকটি প্রস্তুতি কমিটি গঠন করা হবে। তারপরে কাউন্সিলের মাধ্যমে দেখিয়ে দেব বিএনপি একটি সুশৃঙ্খলা ও সংগঠিত দল।

এসএইচ