জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, মানুষের মন জয় করে ভোটার বাড়াতে সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর ধরে আওয়ামী লীগকে ছোট করা হয়েছে, গীবত গেয়েছে বিরোধীরা। আর এখন আওয়ামী লীগের প্রশংসা করে লোকে। বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত দেশে পরিণত করবো। এটাইতো বঙ্গবন্ধু চেয়েছিলেন।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানাতে গিয়ে বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়লেই বুঝতে পারবেন একজন মানুষ কিভাবে সারাজীবন আত্মত্যাগ করেছেন। আমরা আরো ডকুমেন্ট প্রকাশ করবো। যাতে আওয়ামী লীগের ইতিহাস সম্পর্কে সব জানা যাবে।

আজ (সোমবার) গণভবনে বিকেল ৫টার দিকে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবন-মান উন্নত করছি। রাস্তাঘাট তৈরি করছি। আপনারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে এসব বলবেন।

তিনি বলেন, জঙ্গিবাদ হলো সারাবিশ্বের সমস্যা। আমরা জঙ্গিবাদকে প্রশ্রয় দেই না।

দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, এজন্য মানুষের মন জয় করে সরকারের উন্নয়ন কাজ তুলে ধরতে হবে। সেই সাথে জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে হবে।

শেখ হাসিনা বলেন, ‘আমরা যে উন্নয়ন করেছি সেই কথা জনগণের কাছে নিয়ে আগামীতে ভোটের জন্য যেমন ক্যাম্পেইন করতে হবে, সাথে সাথে দলকে সুসংগঠিত করতে হবে।

আবার ভোটকেন্দ্রভিত্তিক কমিটি করে ওই এলাকার অঞ্চলের ভোটারদের সাথে গণসংযোগ করতে হবে এবং প্রস্তুতি নিতে হবে যেন আবারো আমরা নির্বাচনে জয়ী হয়ে আমাদের উন্নয়নের কাজের ধারাগুলো অব্যাহত রাখতে পারি।’

আওয়ামী লীগ কোনো ভূঁইফোড়ের দল না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীত ঐহিত্যের সাথে সংগঠন হিসেবেও এই দল শক্তিশালী।

এ সময় আওয়ামী লীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও নতুন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসএম