মসজিদুল আকসায় মুসল্লিদের নামাজ আদায়ে বাধা ও ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলের বর্বর ও অমানবিক হামলার প্রতিবাদে রাজধানীতে যৌথভাবে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৮টায় জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী মন্জুরুল ইসলাম ভূঞার নেতৃত্বে মিছিলটি রাজধানী দয়াগঞ্জ মোড় থেকে শুরু হয়ে স্বামীবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল মসজিদুল আকসা বন্ধ করার মাধ্যমে মুসলিম উম্মাহর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
যা বিশ্বের শান্তিকামী মানুষ কোন ভাবেই মেনে নেবে না। অবিলম্বে মসজিদুল আকসা খুলে দিতে হবে এবং নিরিহ মুসলিমদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে।
তারা আরও বলেন, মুসজিদুল আকসা মুসলিম উম্মাহর হৃদয়ের পবিত্রতম স্থান। আল আকসার পবিত্রতা পৃথিবীর সব মুসলিমের জন্যই গুরুত্বপূর্ণ। তাই শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানান তারা।
মিছিলে আরও উপস্থিত ছিলেন শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি শাফিউল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যায় সভাপতি শাহিন হাসান প্রধান। জামায়াতের মজলিশে শুরার সদস্য আবুল ফাতেহ সাইফুল্লাহ, জামায়াত নেতা সাদেক বিল্লাহ, আহসান উল্লাহ, মনির হোসাইন এবং শিবির নেতা মজিবুর রহমান মন্জু, শরিয়ত উল্লাহ, ইমাম হোসাইন, শেখ ফরিদ রাহাত প্রমুখ।
এছাড়াও, আজ সকাল ৯ টায় রাজধানীর মালিবাগ এলাকায়ও আরেকটি মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এসময় জামায়াত নেতা কামাল হোসাইন, আমিনুর রহমান ও আব্দুস সালামসহ জামায়াত-শিবিরের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেড/এমবি





