আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং আইন বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, অনেক বড় বড় রুই কাতলা পড়ে গেছে। রুই কাতলারা পড়ে গেলে নূর হোসেনও গ্রেপ্তার হবে বলে আমি মনে করি। তবে ‍ন্যায় বিচারের স্বার্থে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। আমি আশা করি দলীয় স্বার্থ ত্যাগ করে সুষ্ঠু বিচারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করবে দেশে আইনের শাসন কায়েম আছে।
এ সময় নারায়নগঞ্জের ৭ জনকে অপহরণের পর হত্যাকাণ্ডে ঘটনার চাঞ্চল্যকর মামলা হিসেবে দ্রুতবিচার আইনের আওতায় এনে বিচার করার দাবিও জানান তিনি ।
শুক্রবার রাজধানীর ইন্সিটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিলনায়তনে ‘নৌকা সমার্থক গোষ্ঠী’ আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
সুরঞ্জিত বলেন,আমি আগেও বলেছি,এখনও বলছি। এই চাঞ্চল্যকর ঘটানার দোষিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনা হোক।
তিনি বলেন, অপরাধীরা যে হোক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এর দায় নেবেন না। উনি সেই প্রধানমন্ত্রী যিনি বিশ্বজিৎ হত্যা মামলায় ছাত্রলীগ নেতাদের ফাঁসির দড়িতে ঝোলাতে দ্বিধাবোধ করেননি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন।আশা করবো এই চাঞ্চল্যকর হত্যা মামলারও বিচার করে তিনি দৃষ্টান্ত উপস্থাপন করবেন।
আপনার মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলে সমাধান করা যাবেনা উল্লেখ করে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন,বিএনপি বলেছে র‌্যাব রাখার প্রয়োজন নেই। অথচ তারাই র‌্যাব তৈরী করেছে,তাদের স্বাধীনতা পুরষ্কারও দিয়েছেন। এখন বলছে এই র‌্যাব রাখার প্রয়োজন নেই তাদের বিলুপ্ত করা হোক। আপনাদের সুবিধা হলে এক কথা অসুবিধা হলে আরেক কথা। র‌্যাব তো আপনারাই তৈরী করেছেন।
তিনি আরও বলেন,আমারা র‌্যাব উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমরা বন্ধ করলে পরে আপনারাই বলবেন কেন তাদের বিলুপ্ত করা হলো। র‌্যাবের জবাবদিহিতার বিষয়টি আরো বৃদ্ধি করা উচিত। একই সঙ্গে র‌্যাব আইনেরও সংশোধন করা উচিত বলে মনে করেন আওয়ামী লীগের এই নেতা।  
বিএনপির সমালোচনা করে তিনি বলেন,আপনারা নারায়নগঞ্জে সভা করতে চেয়েছেন। এখন সভা করার সময় না। এখন এর সুষ্ঠু তদন্ত করে বিচার করা প্রয়োজন।
সংগঠনের উপদেষ্টা হাজী মো.সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বাবু সতীশ চন্দ্র রায়,সম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সভাপতি চিত্তরঞ্জন দাস প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৯ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]