সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চাকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাছাড়া সাংস্কৃতিক সংগঠনসমূহকে সহযোগিতা করার ব্যাপারেও সরকার অত্যন্ত আন্তরিক।
খালিদ বলেন, ইতোমধ্যে সাংস্কৃতিক অঙ্গনের ১৬টি ফেডারেশনের সঙ্গে বৈঠক করে তাঁদের চাওয়া-পাওয়া ও সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের অনুষ্ঠানসমূহের বাৎসরিক ক্যালেন্ডার তৈরির অনুরোধ জানানো হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এসব অনুষ্ঠানসমূহ বিবেচনায় রেখে সাধ্যমাফিক ও বাজেট অনুযায়ী সংগঠনসমূহকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করবে।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মহাকাল নাট্য সম্প্রদায় এর তিনযুগ পূর্তির বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে দ্রোহ ও প্রেমের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’গল্প অবলম্বনে মানবপ্রেমের অমর উপাখ্যান ‘নীলাখ্যান’নাটকের ৫০তম মঞ্চায়ন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মুজিব বর্ষকে সফল করার লক্ষ্যে সাংস্কৃতিক সংগঠনসমূহকে কিভাবে কাজে লাগানো যায়, সেজন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
মহাকাল নাট্য সম্প্রদায় এর সভাপতি মীর জাহিদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। শুভেচ্ছা বক্তৃতা করেন মহাকাল নাট্য সম্প্রদায় এর ঊর্ধ্বতন সদস্য মো. আবদুল জলীল ও নীলাখ্যান নাটকের নির্দেশক ড. ইউসুফ হাসান অর্ক।
এসএম/এমবি





