বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, আপনি তো রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তান নন,যে আপনার ৩টি জম্মদিন থাকবে। আপনি তো একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাহলে কেন ১৫ আগস্ট মিথ্যা জম্মদিন ঘোষণা করে আপনি তা পালন করছে?

হানিফ বলেন, প্রতি বছরই আপনাকে ১৫ আগস্টে মিথ্যা জম্মদিন পালন না করার অনুরোধ করি। এবারও আপনাকে অনুরোধ করছি জাতির শোকের দিনে আপনি মিথ্যা জম্মদিন পালন করবেন না। যদি আপনি এবার মিথ্যা জম্মদিন পালন করেন, তাহলে প্রমাণিত হবে আপনি (খালেদা জিয়া) রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তান এবং ’৭১রের স্বাধীনতা বিরোধীদের দোসর।

শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বেগম ফজিলাতুন্নেসার ৮৪ তম জম্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৯১ সালে বিএনপি নেত্রী যখন ক্ষমতায় এসে শপথ গ্রহণ করেছেন তখন তার জম্মদিন ছিল একটি। পাসপোর্টে রয়েছে আরেকটি জম্ম তারিখ। আর ’৯৬তে আমরা যখন ক্ষমতার এসেছি, তখন খালেদা জিয়া রাগে-ক্ষোভে ১৫ আগস্ট মিথ্যা জম্মদিন পালন করা শুরু করেছেন।

সরকার সম্প্রচার নীতিমালার মাধ্যমে গণমাধ্যমের কন্ঠরোধ করতে চাইছে এবং সরকারের ব্যর্থতা ডাকতেই এই নীতিমালা গতকাল মির্জা ফখরুলের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে হানিফ বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রী দল। তাদের মিথ্যাচার করার দরকার নেই। তারা কখনো গণমাধ্যমের কন্ঠরোধ করতে চায় না। সরকার গণমাধ্যমের স্বাধীনতা চায় বলেই ২৪ টি টিভি চ্যনেলের অনুমোদন দিয়েছে। এই সরকারের অধীনে দেশের যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার ৪২ বছরে কোন সরকার এমন উন্নয়ন করতে পারেনি।

আওয়ামী লীগের এ নেতা বলেন, মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা গেছে। এই ধরনের উদ্ভট কথাবার্তা, মিথ্যাচার যাতে প্রচার না হয়, সেজন্যই এই সম্প্রচার নীতি মালা।

ফখরুলকে উদ্দেশ্য করে হানিফ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা আছে বলেই এখনও আপনাদের মিথ্যাচার গগণমাধ্যমে প্রচার করা হচ্ছে।

বঙ্গবন্ধু সাংস্কৃকিত জোটের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সোহেলী পারভীন মনি, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

ঢাকা, এমআর, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসআর